যুক্তরাজ্য প্রবাসী বড় ভাই মোহাম্মদ হামিদ টিপু আইনী জগতের একজন বিজ্ঞ লোক। সাম্প্রতিক সময়ে মীর কাশেমের ফাঁসী ও তার কার্যকর নিয়ে তিনি তাঁর ফেসবুকে সরকারের ও আদালতকে তীব্র সমালোচনা করছেন। তিনি এই বিচারকে প্রহসন ও “মিসক্যারেজ অফ জাস্টিজ” বলে অভিহিত করেছেন।
টিপু ভাই তাদেরও অত্যন্ত তীব্র ভাষায় ভৎসনা করেছেন যারা এই কাশেমের ফাঁসীতে অত্যন্ত উদ্বেলিত ও আনন্দিত। তিন ই এসব আনন্দকে কুৎসিত, বর্বর, রক্ত পিপাসু ও একটি পর্যায়ে ফেরাউনের সাথেও তুলনা দিয়েছেন।
ব্যক্তি তাঁর মত প্রকাশ করবেন। আমি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। আমি এও মনে করি যে কোনো ব্যাক্তির মতামত পছন্দ না হলে আইদার সেটিকে আমি এড়িয়ে যেতে পারি বা সেই বক্তব্যের প্রেক্ষিতে পাল্টা বক্তব্য দিতে পারি।
টিপু ভাইয়ের বক্তব্যের প্রেক্ষিতে আমি পাল্টা বক্তব্য দেয়াকে বেছে নিয়েছি। তিনি আমার একটি পোস্টে মীর কাশেমের মামলা নিয়ে কয়েকটি মন্তব্য করেছেন। এই মন্তব্যের সূত্র ধরেই আমার এই লেখাটির সূচনা। লেখাটি আরো দীর্ঘ ও গভীর হবার দাবী রাখে। কিন্তু এটি যেহেতু কয়েকটি মন্তব্যের উত্তর তাই ঠিক সেভাবে গভীর ভাবে লিখিনি। ঠিক উত্তরের জন্য যতদূর প্রয়োজন ঠিক ততটুকু লিখেছি। কাশেমের ব্যাপারে একটি দীর্ঘ পর্যবেক্ষন আমার প্রকাশিতব্য গ্রন্থ “আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালঃ আইন, বিচার, বিশ্লেষন ও পর্যবেক্ষন”-এ থাকবে যেটি আগামী বই মেলায় বাজারে আসবে বলেই আশা করি।